যান্ত্রিক নিউইয়র্কের বুকে সাম্বার সুর
মধ্যরাতেও ম্যানহাটানের টাইমস স্কয়ারে যেন দুপুরের গনগনে রোদ! শত ফুট উঁচুতে ঝুলে থাকা দানবীয় বিলবোর্ডগুলোর তীব্র নিয়ন আলো চোখের পলক পড়তে দেয় না। কিন্তু গত বৃহস্পতিবারের ‘গ্রেট অ্যাপেল’-এর (নিউইয়র্ককে এই নামেই ডাকেন স্থানীয়রা) সেই চিরচেনা যান্ত্রিক আলোকসজ্জাকে লহমায় ম্লান করে দিল এক চিলতে হলুদ-সবুজের সুনামি। কয়েকশ ব্রাজিলিয়ানের উপস্থিতিতে হঠাৎই সেখানে সাম্বার সুর। তাদের কেউ এসেছেন রিও থেকে, কেউবা আমেরিকার অন্য শহরের। নাচে-গানে মুহূর্তেই ৪২ নম্বর স্ট্রিট বদলে যেন কোপাকাবানা সৈকত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের যে ‘হেক্সা মিশন’ শুরু হতে য...