যে যাত্রা শেষ হয় না
কিছু বই আছে, যেগুলো পড়া শেষ হয়; আর কিছু বই আছে, যেগুলো শেষ হওয়ার পরও ভেতরে চলতে থাকে। এগারসিন্ধুর তেমনই এক উপন্যাস—যা কেবল গল্প বলে না, বরং পাঠককে নিজের ভেতরের এক দীর্ঘ যাত্রায় নামিয়ে দেয়। লেখক সাহিদ রেজা— যাকে আমরা মূলত একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবেই চিনি, এই বইয়ে যেন একেবারে ভিন্ন মানুষ। তার লেখার ভেতর কোথাও কর্পোরেটের কড়া গন্ধ নেই; বরং আছে এক পুরোনো দিনের গল্পকারের মৃদু, ধীর, অথচ গভীর স্পর্শ। ‘এগারসিন্ধুর’ কোনো প্রচলিত প্লটের উপন্যাস নয়। এখানে গল্প নদীর মতো—কখনো সরল, কখনো ভাঙা, কখনো বিস্তৃত। একটি ট্রেনযাত্রা দিয়ে শুরু হলেও, সেই যাত্রা দ্রুতই হয়ে ওঠে আমাদের সম...