ভেজা শ্রাবণের প্রেমে
শ্রাবণ নামলে আমি এখন আর শুধু বৃষ্টি দেখি না, আমি দেখি আমাদের একসঙ্গে বেঁচে ওঠা আর ধীরে ধীরে নীরব হয়ে যাওয়ার ইতিহাস। বারান্দার গ্রিলে ভেজা চুল মেলে দাঁড়ালে আজও টের পাই তুমি আমাকে দেখ কিন্তু আগের মতো উচ্চারণ কর না। এই না বলার ভেতরেই আমি শিখেছি প্রেম আসলে শব্দের নয়, বরং দীর্ঘ সহাবস্থানের এক জটিল ব্যাকরণ। একসময় ভাবতাম, বৃষ্টিতে ভিজে যাওয়া মানেই এক ধরনের উচ্ছ্বাস, এখন বুঝি ভিজে থাকা মানে টিকে থাকা, ভাঙতে ভাঙতেও না ভাঙার এক অভ্যাস। তুমি যখন চুপ করে পাশে বসে থাক, আমি বুঝি সেটাই তোমার ভালোবাসা– অপ্রকাশিত, অথচ নির্ভরযোগ্য। আমি নারী, তাই হয়তো একটু বেশি মনে রাখি– কোন বিকেলে তুমি প্রথম আমার হা...